ঘিরে থাকে যারা আমার যাপনকে
রবীন্দ্রনাথ আমাদের বাড়িতে থাকতেন দেবাশীষ মুখোপাধ্যায় আমার ছেলেবেলা মানে রবীন্দ্র জারণের সময়। খুব ছোট্ট বয়সেই শুনতে থাকি, আমাদের বাড়ি শান্তিনিকেতন। চারদিকে সবুজ।আম, পেয়ারা,কাঁঠাল,লেবু,সুপারি দুলে দুলে জানান দেয় তাদের অস্তিত্ব। মায়ের মারের হাত থেকে বাঁচতে ছুটে পেয়ারা গাছে।আম, কাঁঠাল আমার দস্যিপণায় মুচকি হাসতো খুব।অতো বড়ো বাড়িতে মাঝে মাঝেই আমার চলতো দৌড়,দৌড়,দৌড়।একা একা। মায়ের হাসি তখন বাঁধ ভেঙেছে। মায়ের 'কিচেন গার্ডেনে' তখন ঢ্যাঁড়স, বেগুন, লঙ্কা, ঝিঙে, পুঁই,কুমড়ো আপন ছন্দে পরমানন্দে।বাবা বলতেন,মা ধরিত্রী কন্যা যেন।যাই পোঁতে মাটিতে ,তাই আকাশ পানে উর্দ্ধবাহু। সবুজ মানবী যেন।এক কোণে করবী দাঁড়িয়ে।দরজায় মাথায় বেগনভেলিয়া (কাগজ ফুল) বেশ পা ছড়িয়ে বসে।তুলসী মঞ্চে সন্ধ্যায় জ্বলে প্রদীপ।নিকানো উঠোনে মায়ের হাতের আলপনা।এক অদ্ভুত ভালোলাগার চাদর ছড়িয়ে সারা বাড়ি জুড়ে।অভাব থাকলেও তা পাত্তা পায় না আমার এই শান্তিনিকেতনে। রাত্রে পড়া হয়ে গেলে উঠোনে খাটিয়ায় শুয়ে মায়ের গলায় গান।মাকে জড়িয়ে ধরে শুয়ে সেই বয়সেই দাড়িদাদুর জন্য কেমন এক ভালোবাসা। গানের মানে বুঝতাম ন...